
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মন্দির ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার নেতৃত্বে সোমবার প্রতিনিধিদলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলবেন। তিনি বলেন, নাসিরনগরে হামলা স্বাধীনতাবিরোধীদের কাজ। তারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, অতীতের মতো আপনারা এমন অপচেষ্টা মোকাবেলা করবেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার এবং নাসিরনগরের ঘটনায় যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদের দ্রুত প্রত্যাহার করার দাবি জানান। মোহাম্মদ নাসিম বলেন, ছায়েদুল হক একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি কী কারণে এ ধরনের কথা বলেছেন সেটা আমরা দেখছি। তার মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধি এ ধরনের কথা বলবেন তা আমরা বিশ্বাস করি না।
জোটের বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মনি ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
No comments:
Post a Comment
Well done_Thanks for comment